ঈশ্বরদীতে ১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

0
55

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় তালিকাভুক্ত ১৫ জন মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলায় দাশুড়িয়া মোড়ে ‘মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী পথসমাবেশে’ তাঁরা আত্মসমর্পণ করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী সার্কেল ও থানা-পুলিশের পক্ষ থেকে দাশুড়িয়া মোড়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আয়োজিত পথসমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক। তিনি মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এ আহ্বানে সাড়া দিয়ে ১৫ মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে যেতে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন।
পথসমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক প্রথম আলোকে জানান, স্বেচ্ছায় আত্মসমর্পণকারী ১৫ জনের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। মামলায় তাঁরা জামিনে আছেন। তবে মামলা চলবে। তাঁদের প্রত্যেকের জন্য আজ থেকে ইন্টারনেটে পৃথক ডেটাবেইস তৈরি করে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এখন থেকে তাঁরা নিয়মিত থানার এসে ভালো কাজের অগ্রগতি জানাবেন। কারও বিরুদ্ধে পুনরায় মাদক ব্যবসার প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। সামাজিক কারণে মাদক ব্যবসায়ীর নাম-ঠিকানা প্রকাশ করা হচ্ছে না।

 সুত্রঃ প্রথম আলো।

LEAVE A REPLY