নীল সাগরের তলদেশে বিশাল এক খাদ। লোকে এর নাম দিয়েছে ‘ড্রাগন হোল’। চীনের একদল গবেষক বলেছেন, এটাই সম্ভবত বিশ্বের সবচেয়ে গভীর নীল খাদ বা ‘ব্লু হোল’।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, খাদটি প্রায় ৯৮৭ ফুট গভীর। এত দিন পর্যন্ত গভীরতম নীল খাদের খেতাব ছিল বাহামা দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থিত ডিনস ব্লু হোলের। কিন্তু এটির গভীরতা ড্রাগন হোলের চেয়ে অন্তত ৩০০ ফুট কম।
গভীর নীল রঙের জন্যই এসব খাদ বা গহ্বরের নাম ব্লু হোল। এগুলোর ভেতরের পানির রং সাধারণ পানির চেয়ে কিছুটা অন্য রকম। ড্রাগন হোলের অবস্থান দক্ষিণ চীন সাগরের প্যারাসেল আইল্যান্ডসে। চীনা ভাষায় এটি ঝিশা নামে পরিচিত। ওই দ্বীপ এলাকাটির মালিকানা নিয়ে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মধ্যে বিরোধ আছে।
ড্রাগন হোলের গভীরতা নির্ণয়ের বিষয়টি নতুন হলেও এটির অবস্থান সম্পর্কে বিজ্ঞানীরা বহু আগে থেকেই জানতেন। চীনের ওশেন ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াং জুশেং বলেন, নীল খাদ নিয়ে বিশদ গবেষণায় জানা যেতে পারে, কীভাবে লাখ লাখ বছর ধরে জলবায়ু বা পানির মাত্রা পাল্টায়। এ বিষয়ে তথ্য-উপাত্ত পেলে দক্ষিণ চীন সাগরের জলবায়ু, বাস্তুসংস্থান, পানির অবস্থা এবং তলদেশের ভূত্বক ইত্যাদির ক্রমবিকাশ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।
চীনা ওই গবেষকেরা ইতিমধ্যে ওই নীল খাদের ভেতরে ২০ প্রজাতির মাছের খোঁজ পেয়েছেন। অবশ্য সেগুলো খাদের ওপরের দিকের অংশে বিচরণ করে। কারণ, নিচের প্রায় ৩৩০ ফুটের মধ্যে অক্সিজেনের অভাব রয়েছে। সেন্সরযুক্ত স্বয়ংক্রিয় ডুবুরি-যন্ত্র বা রোবট ব্যবহার তাঁরা খাদটির গভীরতা নির্ণয় করেছেন।


















