ঢাকায় এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা টেডি শেরিংহাম। নব্বইয়ের দশকে ‘রেড ডেভিল’দের ১০ নম্বর জার্সিতে মাঠ দাপিয়ে বেড়ানো এই স্ট্রাইকার ঢাকায় পা রেখেছেন তাঁর ছেলে চার্লি শেরিংহামের খেলা দেখতে।
টেডির ছেলে চার্লি খেলছেন সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে। ভারতের ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ফুটবল লিগ আইএসএলে অ্যাটলেটিকো ডি কলকাতার কোচের দায়িত্ব পালন করছেন বাবা। এত কাছে ছেলে খেলছে, তা স্বচক্ষে দেখবেন না! চলে এসেছেন এখানে। আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে ছেলের খেলা দেখবেন তিনি। আজ সন্ধ্যায় সাইফ মুখোমুখি হবে মোহামেডানের।
শেরিংহাম ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত। ১০৪ ম্যাচে তাঁর গোল ৩১। ইউনাইটেডের আগে পরে খেলেছেন টটেনহামে। সেখানে ২৩৬ ম্যাচে তাঁর গোল ৯৮টি। ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে তাঁর ম্যাচের সংখ্যা ৫১টি, গোল ১১টি।
সূত্রঃ প্রথম আলো অনলাইন।



















