দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ দুই মাদক বিক্রেতা নিহত : অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার : পুলিশের ৩ সদস্য আহত

0
345

খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের শেহালা মাঠে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ দুই মাদক বিক্রেতা মুকাদ্দেস আলী (৪২) ও ফজলুর রহমান ওরফে টাইটেল (৪৮) নিহত হয়েছে। এ ঘটনায় ৩ পুলিশের সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী জানান, একদল মাদক বিক্রেতা দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠে মাদক ক্রয় বিক্রয় করছে এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশের টহল দল (মঙ্গলবার রাত) গতরাত ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ মাদক বিক্রেতাদের মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় পুলিশের এসআই ফিরোজ আলম, এসআই আব্দুর রাজ্জাক ও কনষ্টেবল সজিত কুমার আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী বন্দুক, ৫রাউন্ড গুলি. একটি পিস্তুলের ম্যাগজিন ও ৩টি বস্তায় ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। নিহত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সহ ৮টি করে মামলা রয়েছে। নিহতরা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ প্রকটনগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুকাদ্দেস আলী ও প্রাগপুর বাজারের মৃত ইয়াকুব আলীর ছেলে ফজলুর রহমান ওরফে টাইটেল। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

LEAVE A REPLY