সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রদর্শনী খামার ১ যুগ ধরে মুখ থুবরে পড়ে আছে। ১ জন ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ও ১ জন কর্মচারীর বেতন ভাতা উত্তোলন ছাড়া আর কোন কাজ নেই। খামারটি ১৯৮৩ সালে ১ একর জায়গার উপর গড়ে তোলা হয়। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অবকাঠামো নির্মানসহ তার কাঁটার বেড়া দিয়ে সীমানা নির্ধারন করা হয়। শুরু থেকে সামাজিক বনায়নের জন্য চারা তৈরী ও বিক্রি করা হতো। প্রায় একযুগ ধরে এই প্রদর্শনী খামারে কার্যক্রম বন্ধ রয়েছে। চারা তৈরির পরিবর্তে সেখানে ধান চাষ হচ্ছে। খামারের পুকুর গাছের ফল ভোগ করা হচ্ছে। দিনের বেলা গো চারণ ভূমি। রাতে ভূতুরে পরিবেশে মাদক সেবীদের আড্ডা। বে-দখল হয়ে যাচ্ছে নার্সারির জায়গা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত বন কর্মকর্তা বাহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি বাজেট নেই ঘর দরজা নেই ওখানে কিভাবে থাকি। জায়গা বে-দখল বিষয়ে এক জনের সাথে তার তর্ক হয়েছে বলে তিনি জানান।
উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, খামারের জায়গাটি উপজেলা পরিষদের। প্রদর্শনী খামারের কার্যক্রম বন্ধ থাকায় ৭৫ হাজার টাকায় ৩ বছরের জন্য সুভাষ নামে এক ব্যক্তিকে লিজ দেয়া হয়েছে।

















