যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেছেন, বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। ক্রীড়ার বিভিন্ন বিভাগে তৃণমূলের ছেলে-মেয়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করছে। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনতে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। ইতিমধ্যে ১৩১টি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার বিকেলে মাগুরা টেনিস ক্লাবে জেলা পর্যায়ে ৫ দিনব্যাপী টেনিস খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা টেনিস ক্লাবের সভাপতি পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরশিদ আনোয়ার, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা টেনিস ক্লাবের সহ-সভাপতি এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলোয়াড় তৈরির ক্ষেত্রে তৃণমূলকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুসারে খেলোয়াড় তৈরিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে নিয়ে আসার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
তিনি বলেন, তৃণমূলে টেনিস খেলোয়াড় বাছাইয়ে দেশের ২৮টি জেলায় ৫০ কোটি টাকা ব্যয়ে জেলা পর্যায়ে টেনিস খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্যক্রম শুরু হয়েছে। টেনিসের মতো ক্রীড়ার অন্যান্য বিভাগে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির জন্য সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ‘তৃণমূল পর্র্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির আওতায়’ ৫ দিনব্যাপী জেলা পর্যায়ে টেনিস খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
আগামী ১০ জানুয়ারী এ কর্যক্রম শেষ হবে।




















