কুমারখালীতে ভূমি বিষয়ক মৌলিক ক্লাস “ভূমি-বার্তা” অনুষ্ঠিত 

0
30
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়া  কুমারখালী সহকারী কমিশনার (ভূমি)  এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক মৌলিক জ্ঞানার্জন ক্লাস ‘ভূমি-বার্তা’ অনুষ্ঠিত ।
 সোমবার কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী ও কয়েকজন  শিক্ষকমণ্ডলির উপস্থিতিতে স্কুলের অডিটরিয়ামে সকাল  সাড়ে দশটা থেকে এগার টা পর্যন্ত ক্লাস পরিচালিত হলো।
 ক্লাস পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)  মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
ক্লাস পরিচালনায় সহযোগী হিসেবে ছিলেন কুমারখালী পৌর ভূমি সহকারী কর্মকর্তা  আমিরুল ইসলাম।
স্কুলের প্রধান শিক্ষকসহ  শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদেরকে ভূমি বিষয়ক মৌলিক ধারনা প্রদান করা হয়। সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করে মৌজা, দাগ নম্বর, খতিয়ান, দাখিলা, ভূমি উন্নয়ন কর, নামজারিসহ ভূমি বিষয়ক নানা বিষয়ে হাতে কলমে ধারনা লাভ করেন। শিক্ষার্থীদের সামনে খতিয়ান, দলিল, মৌজা ম্যাপ, দাখিলা, ওয়ারিশ সনদসহ যাবতীয় সরকারি ডকুমেন্ট এর নমুনা কপি উপস্থাপন করে আলোচনা করা হয়। একই সাথে তারা নামজারি/জমাখারিজ এর গুরুত্ব , প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া সম্পর্কে ধারনা লাভ করে। ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষক-শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর/সমাধান প্রদান করা হয়। এমনকি উত্তরাধিকার আইন অনুযায়ী মৃত ব্যক্তির কোন কোন ওয়ারিশ কী পরিমাণ সম্পত্তি পাবেন সে বিষয়ে বিশেষ করে শিক্ষকদের ধারনা প্রদান করা হয়। উত্তরাধিকার বিষয়ক সরকারি মোবাইল এ্যাপলিকেশন ও ইনামজারিসহ ভূমি অফিসে চলমান অনলাইন ভিত্তিক সেবা সম্পর্কে ধারনা ও সচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা করেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি)।
এসিল্যান্ডের এর উদ্যোগে  এই ধরনের কর্মসূচি পর্যায়ক্রমে কুমারখালী উপজেলার অন্যান্য কলেজ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হবে বলে জানান,এসিল্যান্ড। সাড়া পেলে অন্যান্য শ্রেণী-পেশার মানুষের মাঝেও এই জাতীয় প্রোগ্রামের আয়োজন করা হবে বলে আরো জানান।
সবর্স্তরের জনগণ ভূমি সেবার বিষয়ে যথাযথ ধারনা লাভ করবেন, সচেতন হবেন; এবং এভাবেই দালাল-প্রতারক চক্রের অবসান হবে। যে কোনো ভূমি সেবার জন্য কোনো দালাল বা প্রতারকের কাছে নয়, অনুগ্রহ করে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করুন : –প্রয়োজনের সরাসরি এসিল্যান্ডের মুঠোফোন (০১৭৩০৪৭৩৬৩৬)।

LEAVE A REPLY