কুষ্টিয়া প্রতিনিধি: পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমানের ওপর নিজ অফিস কক্ষে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সমাজসেবা পরিষদের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানরে কর্মকর্তা ও শিক্ষার্থীরাসহ সুধীজনরা অংশ নেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোখসানা পারভীন, সহকারী পরিচালক মো: মুরাদ হোসেন, রেজিষ্ট্রেশন অফিসার মাসুদ রানা,শহর সমাজসেবা অফিসার কাজী মোহাম্মদ ফজলে রাব্বী, সদর উপজেলা সমাজসেবা অফিসার আসাফউদ্দৌলা,হাসপাতাল সমাজসেবা অফিসার সুশান্ত পাল, শেখ রাসেল শিশু ও পুনর্বসান কর্মকর্তা কামাল চৌধুরী, প্রবেশন অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযুক্ত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
উল্লেখ্য, রোববার বিকালে উপজেলা হাজী গুলশান আরা শিশু সদন ও এতিম খানায় ১০১ জন ভূয়া এতিমের নামে সরকারী অর্থের বিল দিতে অস্বীকৃতি জানালে এতিম খানার সভাপতি ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা মিলে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমানকে তার নিজ অফিস কক্ষে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় হামলাকারীরা তার অফিস কক্ষ ভাংচুর চালায়।
এ হামলার ঘটনায় আহত সমাজসেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমান বাদি হয়ে এতিমখানার সভাপতি ও শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে রোববার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরে জেলা প্রশাসক মো. জহির রায়হানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

















