পরিচালক অনুরাগ কাশ্যপের ছবি মানেই ভূরি ভূরি গালাগালি, মারপিট আর সহিংসতা থাকবেই। কিন্তু এবার প্রেমের কথা বলবেন এই পরিচালক। তবে প্রেম ছাড়াও এই ছবির গল্পের নায়ক ‘বক্সিং’। অন্য ধারার ছবি বানিয়ে বলিউডের নিজের জায়গা বানিয়ে নিয়েছেন অনুরাগ। ‘গ্যাংস অব ওয়াসেপুর’ ছবির এই পরিচালক এবার নিয়ে আসছেন রোমান্টিক ঘরানার ছবি। তবে শুধু অসম প্রেমের কথা নয়, অনুরাগের এই ছবি ভারতের ক্রীড়াব্যবস্থার অরাজকতার বিরুদ্ধেও আঙুল তুলবে। আগামী ১২ জানুয়ারি মুক্তি পাবে অনুরাগ কাশ্যপ পরিচালিত এবং আনন্দ এল রাই প্রযোজিত ছবি ‘মুক্কাবাজ’। সম্প্রতি মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে সাংবাদিকদের সামনে মুক্তি পায় ছবিটির ট্রেলার। ‘মুক্কাবাজ’ ছবির মূল চরিত্রে আছেন বিনীত কুমার সিংহ, রবি কিষণ, জোয়া হুসেন ও জিমি শেরগিল।
উত্তর প্রদেশের এক ছোট শহরের বক্সার শ্রাবণ সিং আর তার ভালোবাসা নিয়ে বোনা হয়েছে ‘মুক্কাবাজ’ ছবির গল্প। শ্রাবণ এক ব্রাহ্মণঘরের মেয়ের প্রেমে পড়ে। মেয়েটির কাকা গ্যাংস্টার, রাজনৈতিক নেতা ভগবান দাস। শ্রাবণের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় এই ভগবান দাস। আর তার ভালোবাসাকে জেতার জন্য বক্সিংই হয় শ্রাবণের হাতিয়ার। সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্মিত এই প্রেমের ছবির মুখ্য ভূমিকায় আছে খেলাধুলা।
অনুরাগ বলেন, ‘জনসংখ্যায় আমাদের দেশ চীনের পরই, কিন্তু খেলাধুলায় তাদের মতো পদক আমাদের দেশে নেই। আর এর কারণ আমাদের দেশে খেলোয়াড়েরা এগিয়ে যেতে পারেন না। এখানে সমস্যা আমাদের স্পোর্টস সিস্টেমে। এই ছবি পুরোপুরি প্রেমের ছবি হলেও আমরা চেষ্টা করেছি দেশের এই ঘুণে ধরা দিক তুলে ধরতে। একমাত্র আমাদের দেশে খেলোয়াড়েরা উড়ানে ইকোনমি শ্রেণিতে ভ্রমণ করেন, আর ক্রীড়া আধিকারিকেরা বিজনেস ক্লাসে যাতায়াত করেন।’
অনুরাগ আরও বলেন, ‘আমি নিজে খেলাধুলা করতাম। আমাদের দেশে ক্রীড়াভিত্তিক ছবি দেখতে মানুষ হলে ভিড় করে। কিন্তু খেলার মাঠে দর্শক থাকে না। বক্সিংয়ের ওপর যদি ছবি বানানো হয়, তা ৪০ কোটি টাকা আয় করবে। কিন্তু বক্সিং টুর্নামেন্ট দেখতে ৪০ জন মানুষও আসে না। আমাদের দেশে খেলাধুলাকে ঘিরে তেমন কোনো আবেগ নেই। আমরা যত আবেগ পদক জেতার পর দেখাই।’
‘মুক্কাবাজ’ ছবির দৃশ্যঅত্যন্ত দুঃখের সঙ্গে অনুরাগ বলেন, ‘খেলাধুলা নিয়ে তৈরি ছবিতে দেশভক্তি বেশি করে দেখানো হয়। দেশভক্তি এখন আমাদের কাছে ছবি হিট করার একটা ফর্মুলা হয়ে দাঁড়িয়েছে। তবে এই ফর্মুলা শুধু ছবির ক্ষেত্রে নয়, আমাদের জীবনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করছি।’
ছবির নায়ক বিনীত কুমার সিংহ বলেন, ‘এই ছবিতে বক্সারের চরিত্রে অভিনয় করার জন্য আমি রীতিমতো বক্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছি। এর জন্য প্রচুর আঘাত পেয়েছি।’
এবার দেখা যাক, প্রেমের ভাষা দিয়ে অনুরাগ দর্শকের হৃদয় কতটা জয় করতে পারেন।
সূত্রঃ প্রথম আলো অনলাইন।



















