দৌলতপুরে নানা আয়োজনে নববর্ষ উদযপান

0
46

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনে ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব কর্মসূচীর মধ্যে ছিল শনিবার সকাল সাড়ে ৬টায় ইলিশ মাছ বর্জিত পান্তা উৎসব, সাড়ে ৭টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরের বৈশাখী মঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণের গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা প্রতিযোগিতা। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে দিন ব্যাপী এসব আয়োজনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন অংশ নেন।
অপরদিকে বাংলা নববর্ষ উপলক্ষে দৌলতপুর কলেজ মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামানের নেতৃত্বে কলেজ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়াও দৌলতপুর প্রেসক্লাব বাংলা নববর্ষ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আমন্ত্রিত সুধী ও সাংবাদিকদের মাঝে দই, চিড়া, খাগড়াই ও রসগোল্লা খাবার পরিবেশন করে।
এদিকে রফিকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রথমবারের মত ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযপন করা হয়। দৌলতপুর সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সজিবুল হকের নেতৃত্বে রফিকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর শনিবার প্রত্যুষে বিভিন্ন সাজে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। শোভযাত্রা বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে তারাগুনিয়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গরুর গাড়ি, পালকিতে নব বর-বধূ সহ গ্রামীণ আদলে বিভিন্ন সাজে সেজে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনায় বর্ষবরণ উৎসব পালন করে।

LEAVE A REPLY