কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ৫১০ পিস ইয়াবাসহ মাজেদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশের একটি যৌথ টিম ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া এলাকার দক্ষিন ভবানীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এসময় মাজেদুলের বসতঘর তল্লাশি করে ৫১০ পিস ইয়াবাসহ মাজেদুলকে হাতেনাতে আটক করে।
আটককৃত মাজেদুল ইসলাম ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া এলাকার দক্ষিন ভবানীপুর গ্রামের
তনছের আলীর ছেলে।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান,
মাদক ব্যবসায়ী মাজেদুল দীর্ঘ দিন ধরে ইয়াবার ডিলার হিসাবে মাদক চোরাকারবারি করে আসছিল বলে অভিযোগ ছিল। এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এব্যাপারে বিভাগীয় উপপরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
















