নিজস্ব প্রতিনিধি॥ কুষ্টিয়ার মিরপুরে হারবাল ওষুধ খেয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, পাশের বাড়ীর নবাব আলীর বাড়ীতে টেলিভিশন দেখতে যায় নূর মুহাম্মদ (৫০) । এসময় নূর মুহাম্মদের কাশি হয়েছে বলে নবাব আলীকে জানালে সে নবীন ল্যাবরেটরির মেরী গোল্ড নামক ইউনানী সিরাপ খেতে দেয়। এসময় একই সাথে নুর মুহাম্মদ, নবাব আলী এবং নবাব আলীর মেয়ে শামীমা একই ওষুধ খায়। এরপর রোববার রাত সাড়ে দশটার দিকে শামীমা অসুস্থ হয়ে পড়লে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মারা গেছে। এদিকে ঐ একই ওষুধ খেয়ে মধ্যরাতে নুর মহাম্মদ অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।
মৃতরা হলেন, উপজেলার বহলবাড়ীয়া ইনিয়নের খাড়ারা এলাকার পলান শেখের ছেলে নুর মুহাম্মদ (৫০) এবং একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯)।
মিরপুর থানার ওসি আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পল্লী চিকিৎসক ডা. রাজিবকে আটক করেছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

















