দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২.০১টায় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে অংশ নেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরদিকে দৌলতপুর কলেজ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বুধবার সকালে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান-এর নেতৃত্বে একটি র্যালি কলেজ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর দৌলতপুর কলেজের বিভিন্ন বিভাগ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যদায় পালন করে।

















