স্বাদ পরিবর্তনের জন্য রমজান মাসে ইফতারে ভাজা খাবারের পাশাপাশি একটু ভিন্নধর্মী কিছু থাকলে মন্দ হয় না।
রমজান মাসে ইফতারের জন্য বাড়িতে বানাতে পারেন মজাদার এবং স্বাস্থ্যসম্মত কলার কেক। এই কলার কেক রোজাদারদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার। এছাড়া শিশুদের জন্যও খুবই পুষ্টিকর ও মজাদার একটি খাবার।
আজকের আমাদের সাপ্তাহিক ছুটির দিনের রেসিপি আয়োজনের এ রেসিপিটি দিয়েছেন মিসেস রিনা চৌধুরী।
আসুন জেনে নেই কিভাবে বাসায় বানাবেন ভিন্নধর্মী এই কলার কেক।
উপকরণ:
১) পাকা কলা চারটি।
২) দুধ এক কাপ।
৩) কনডেন্সড মিল্ক আধা কাপ
৪) ডিম পাঁচটি
৫) ময়দা ৩০০ গ্রাম।
৬) চিনি ২ কাপ
৭) বেকিং পাউডার ১ চা চামচ
৮) সয়াবিন তেল ১ কাপ অথবা ঘি ১ কাপ
৯) মোরব্বা, কিসমিস ও পেস্তা বাদাম পরিমানমতো
১০) ভ্যানিলা এসেন্স পরিমান মতো
১১) ব্যানানা এসেন্স পরিমানমতো
প্রণালি –
প্রথমে ব্লেন্ডারে চারটি কলা ও চিনি দিয়ে মিহি করে মিশিয়ে নিতে হবে। মিহি হয়ে গেলে সেখানে বিটারে বিট করা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি পাত্রে তেল দিয়ে সেগুলো ঢেলে নিন। এখন দুধ বাদ দিয়ে বাকি উপাদানগুলো এরমধ্যে দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়া হলে দুধ দিয়ে আবার মেশান। এখন একটি বেকিং ট্রেতে সবগুলো মিশ্রন ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেঃ তাপ দিয়ে ৩৫-৪৫ মিনিট বেক করতে দিন। আপনার ওভেন না থাকলে আপনি এটি চুলাতেও করতে পারেন। তবে চুলাতে অল্প আঁচে করতে হবে। না হলে তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার বেক হয়ে গেলে ওভেন থেকে বের করে পরিবেশন করুন মজাদার ও স্বাস্থ্যসম্মত কলার কেক।
রেসিপি: মিসেস রিনা চৌধুরী




















